বাংলাদেশ, জাতীয়
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতা পরিবর্তনের ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন আনা জরুরি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’
চিকিৎসাব্যবস্থার নানা ত্রুটি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে চিকিৎসাসেবায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়া দাঁতের চিকিৎসার খরচ অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ তা বহন করতে পারে না। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক ও সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপজেলা পর্যায়ে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না, যার কারণে বাধ্য হয়ে সাধারণ মানুষকে হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হতে হয়। প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর অন্য কোনো প্রশিক্ষণ বা কাজের অজুহাতে চলে যান। এই মনমানসিকতার পরিবর্তন হওয়া দরকার।
পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে অনেক সমস্যা দূর হয়ে যাবে। সরকার বদল হলেই সংগঠনের সবকিছু বদলে যাওয়ার প্রবণতা বন্ধ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ, সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির এবং সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান। এর আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন এবং আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ডিবিসি/এসভিএন