বাংলাদেশ, সারা বাংলা
বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ও বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের জনপ্রিয় সুদক্ষ ড্রামার ছিলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত শিশির বাবু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে।
শুক্রবার দুপুরে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে মারামারি ও পরবর্তীতে একজনের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। এঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারের সাথে দীর্ঘদিন থেকে বাড়ির জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছে। অতিসম্প্রতি প্রতিপক্ষের লোকজনে মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে পূর্ববিরোধ মীমাংসা করেন।
সূত্রমতে, ওই ৩২ শতক জমি নিয়ে মোরেশদ আলম দিলির মোল্লার ছেলে উপজেলা ছা্ত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লার সাথে তার ছোট ভাই উপজেলা যুবদলের সাবেক সদস্য সাব্বির মোর্শেদ শিশির মোল্লার ওরফে শিশির বাবুর বিরোধের সৃষ্টি হয়।
সূত্রে আরও জানা গেছে, ওই বিরোধের জেরধরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুইভাইয়ের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে শিশির বাবুকে আহতাবস্থায় তার পরিবারের সদস্যরা প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে ওইদিন রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযোগের ব্যাপারে বানারীপাড়া উপজেলা ছা্ত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিহতের ভাই জহিরুল ইসলাম বিপুল মোল্লার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ডিবিসি/ আরএফই