সারা বাংলা
দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত, তবুও নিয়মিত বেতন-ভাতা তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দীর্ঘ দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক ও নিষিদ্ধ ছাত্রলীগের উলিপুর উপজেলা সভাপতি নজরুল ইসলাম। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে তার অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ে ২০২২ সালের শুরুর দিকে অফিস সহায়ক পদে যোগদান করেন নজরুল ইসলাম। ওই বছরের নভেম্বর মাসে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন।
এলাকাবাসী ও শিক্ষকেরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম ও অফিস সহায়ক নজরুল ইসলাম সম্পর্কে আপন মামা-ভাগনে। এই সুবাদে অফিস সহায়ক নজরুল দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাগনে নজরুল ইসলামের হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর নিয়ে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করতে সহায়তা করে আসছেন। এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষার্থী-অভিভাবক শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গত ১২ নভেম্বর সরেজমিনে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ে তদন্তে গিয়ে প্রতিষ্ঠানের অফিস সহায়ক নজরুল ইসলামকে বিদ্যালয়ে অনুপস্থিত পান। শিক্ষার্থীরা বলেন, নজরুল ইসলাম নামের একজন স্কুলের পিয়ন হাসিনা সরকারের পতনের পর থেকে আসেন না। শুনেছি হেড স্যার (প্রধান শিক্ষক) তার (নজরুল) মামা হন।
এ সময় এলাকাবাসী মাঈদুল ইসলাম (৩৮), সিরাজুল ইসলাম (৪০), শাহজামাল (৩২), নান্নু মিয়া (৩২), মানিক মিয়াসহ (৪০) অনেকে জানান, প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। প্রধান শিক্ষকসহ তার আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ এ প্রতিষ্ঠানে ৬ জন কর্মরত আছেন। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও অফিস সহায়ক নজরুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক এবং বিদ্যালয়ে অনুপস্থিত। অথচ প্রধান শিক্ষক তার ভাগনের হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর নিচ্ছেন এবং প্রতি মাসের বেতন-ভাতা উত্তোলনে সহায়তা করছেন। এদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম বিদ্যালয়ে মাঝেমধ্যে আসতেন। এখন কিছুদিন থেকে আসেন না।
অভিযোগকারী, বিদ্যালয়ের জমিদাতা এবং শিক্ষার্থী-অভিভাবক শাহ আলম বলেন, নজরুল ইসলাম দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলন করছেন। বিদ্যালয়ে না আসা ও অবৈধভাবে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করার সুবিচারের আশায় মাধ্যমিক অফিসে লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তদন্তকালে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম জানান, অফিস সহায়ক নজরুল ইসলাম বিদ্যালয়ে নিয়মিত আসতেন। তবে চলতি নভেম্বর মাসেই তিনি অনুপস্থিত। কী কারণে অনুপস্থিত জানতে চাইলে তিনি বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদন দেখতে চাইলে তিনি বলেন, আবেদন কপি বাড়িতে রয়েছে। প্রতিষ্ঠানে ৬ জন আত্মীয়স্বজন কর্মরত আছেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন তদন্তের কথা স্বীকার করে বলেন, তদন্তকালীন সময়ে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পেয়েছি। হাজিরা খাতা ও ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না জানিয়ে তদন্তের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন