আন্তর্জাতিক, আরব
ইরানের ইসফাহানের গোপনীয়তা ঘিরে পারমাণবিক ঝুঁকির শঙ্কা আইএইএর

ইরানের ইসফাহানে অবস্থিত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ)। গত বছর স্থাপনাটির তথ্য আনুষ্ঠানিকভাবে জানালেও এখনো সেখানে পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি তেহরান।
শুক্রবার (১৩ নভেম্বর) আইএইএর একটি গোপনীয় প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার পর থেকে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের ফিরে যাওয়ার অনুমতি দেয়নি ইরান।
ইসফাহানের ভূগর্ভস্থ সুড়ঙ্গব্যবস্থায় ‘ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট’ (আইএফইপি) অবস্থিত বলে কূটনীতিকদের ধারণা। ২০২৫ সালের ১২ জুন স্থাপনাটির তথ্য আইএইএকে জানায় ইরান। পরদিন সেখানে পরিদর্শনের পরিকল্পনা থাকলেও সামরিক অভিযান শুরু হওয়ায় তা সম্ভব হয়নি।
আইএইএর প্রতিবেদনে বলা হয়েছে, স্থাপনাটির সঠিক অবস্থান, বর্তমান অবস্থা কিংবা সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি সংস্থাটি। স্থাপনাটির নকশা ও পরিদর্শনের অনুমতি না পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
এর আগে মার্চে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছিলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের উল্লেখযোগ্য অংশ ইসফাহানের সুড়ঙ্গব্যবস্থায় থাকতে পারে।
সংস্থাটি বলেছে, অস্ত্র তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও অবস্থান সম্পর্কে তথ্যের অভাব গুরুতর পারমাণবিক বিস্তার-সংক্রান্ত উদ্বেগ সৃষ্টি করছে।
পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে দ্রুত পরিদর্শকদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের পূর্ণাঙ্গ হিসাব দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে আইএইএ।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসএফএল