আন্তর্জাতিক, আমেরিকা
পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিবেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত সিনেটর আবদুল এল-সাঈদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে নতুন মাইলফলক গড়েছেন ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সাঈদ। এবার পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের সময় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মার্কিন সিনেটের ইতিহাসে এটি হবে এক ঐতিহাসিক ঘটনা।
মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এল-সাঈদ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে তিনি কোন ঐতিহাসিক কোরআনের কপি ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এ বিষয়ে দুটি বিশেষ কপির কথা বিবেচনা করছেন তিনি।
এল-সাঈদ বলেন, ‘আমি সম্ভবত কোরআন ছুঁয়েই শপথ নেব। তবে কোন কপিটি ব্যবহার করব, তা এখনো নিশ্চিত নই।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের সংগ্রহে থাকা কোরআনের একটি কপি রয়েছে। অন্যদিকে মিশিগান বিশ্ববিদ্যালয়েও সংরক্ষিত আছে অঙ্গরাজ্যটির প্রাচীন একটি কোরআন। এই দুটি কপির যেকোনো একটি বেছে নেওয়া হতে পারে।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী এল-সাঈদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
এর আগে ২০০৭ সালে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য কিথ এলিসন শপথ অনুষ্ঠানে থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআনের ইংরেজি অনুবাদের একটি কপি ব্যবহার করেছিলেন। তবে সিনেটের কোনো সদস্যের ক্ষেত্রে এমন নজির নেই।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের জন্য কোনো ধর্মগ্রন্থ ব্যবহার বাধ্যতামূলক নয়। তবে অনেকে ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে ধর্মগ্রন্থ ব্যবহার করেন।
আগামী জানুয়ারিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে এল-সাঈদের আনুষ্ঠানিক শপথ গ্রহণের কথা রয়েছে।
সূত্র: রোয়া নিউজ
ডিবিসি/এসএফএল