ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’, বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’, বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

আন্তর্জাতিক, অন্যান্য

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’, বই লিখছেন নেতানিয়াহুর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩৩ মিনিট আগে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে দেশটির প্রভাবশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন তার ছেলে ইয়াইর নেতানিয়াহু। কথিত ‘ডিপ স্টেটের’ বিরুদ্ধে বাবার রাজনৈতিক লড়াই নিয়ে এবার বই প্রকাশ করতে যাচ্ছেন কট্টর ডানপন্থী এই রাজনৈতিক কর্মী।

মিডল ইস্ট আইয়ের বৃহস্পতিবারের (১২ নভেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, ‘টু-ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরায়েলস ফাইট ফর সারভাইভাল-অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডোমেস্টিক সাবোটার্স’ শিরোনামের বইটি বাজারজাত করবে আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড শুস্টার।


প্রকাশকের বিবরণ অনুযায়ী, বইটিতে ইসরায়েলের বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম ও বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরা হবে।


গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৩টি আসন পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় তারা। অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পায় ৪৮টি এবং আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন।


নির্বাচনের পর ইয়াইর অভিযোগ করেন, আরব রাষ্ট্রগুলোর অর্থায়নে ভোটে কারচুপি করে তার বাবাকে ক্ষমতা থেকে দূরে রাখার চেষ্টা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


এদিকে ২০২০ সাল থেকে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি দুর্নীতি মামলার বিচার চলছে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে।


ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, ইয়াইরের বইটির পেছনে রয়েছে র‍্যাটপ্যাক প্রেস। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকার নেতানিয়াহু পরিবারের ঘনিষ্ঠ এবং প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার একজন সাক্ষী। অভিযোগপত্রে প্যাকারের কাছ থেকে নেতানিয়াহুর মূল্যবান উপহার গ্রহণের বিষয়টিও উল্লেখ রয়েছে।


সূত্র: মিডল ইস্ট আই


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন