সারা বাংলা
কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। কৃষির উন্নয়ন এবং কৃষকের কল্যাণ নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়া এলাকায় নাটোর সুগার মিলসের কেইন ক্যারিয়ার চত্বরে ২০২৬-২০২৭ আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুমের উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী কৃষিবান্ধব। তিনি দেশের মানুষ ও কৃষকদের কথা চিন্তা করেন। কৃষকের স্বার্থ বিবেচনা করেই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেশের কৃষি খাতের উন্নয়ন, সুগার মিলের কার্যক্রম সম্প্রসারণ এবং এর সঙ্গে জড়িত মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
নাটোর সুগার মিলের বিষয়ে তিনি বলেন, মিলটির উন্নয়নে যে ধরনের সহযোগিতা প্রয়োজন তা করতে সংসদ সদস্যরা প্রস্তুত রয়েছেন। আপনারা এগিয়ে যান, আপনাদের পেছনে দেশের জনগণ ও কৃষকরা রয়েছেন। বিশেষ করে আখচাষিদের স্বার্থ রক্ষা এবং আখের ন্যায্যমূল্য ও দাম বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
দুলু আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। দেশের বিপুলসংখ্যক মানুষ কৃষির সঙ্গে জড়িত। তাই কৃষকের জীবনমান উন্নয়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কৃষক ভালো থাকলে দেশের অর্থনীতিও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ, নাটোরের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) নূরুল হাই মোহাম্মদ আনাছ, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ মিলের কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ডিবিসি/এসডব্লিউএন