জাতীয়
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলবায়ু কূটনীতির সাফল্য: ড. সাইমুম পারভেজ

বিশ্বব্যাংক গ্রুপের Climate Investment Funds (CIF)-এর ARISE কর্মসূচির আওতায় বাংলাদেশ ৩০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জলবায়ু অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে। এ অর্জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জলবায়ু কূটনীতির সাফল্য হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
বাংলাদেশের পাশাপাশি হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওনও এ কর্মসূচির আওতায় অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে। এ ছাড়া মালাউই ও মোজাম্বিকের যৌথ উদ্যোগের জন্য ৪০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত অর্থায়নের সুযোগ রয়েছে। বিশ্বব্যাংক গ্রুপসহ ছয়টি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের অংশীদারত্বে CIF এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
এ বিষয়ে ড. সাইমুম পারভেজ বলেন, এই অর্জন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জলবায়ু কূটনীতির সাফল্য। তিনি জানান, এ অর্থায়নের মাধ্যমে উপকূলীয় সুরক্ষা জোরদার, ব্যাপক পরিসরে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অভিযোজন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।
জার্মানি, স্পেন, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের সহায়তাপুষ্ট এ কর্মসূচির মাধ্যমে জলবায়ু খাতে আরও সরকারি ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি হতে পারে।
ড. সাইমুম পারভেজ আরও জানান, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের এই সুযোগকে বাংলাদেশের মানুষের জন্য বাস্তব ও টেকসই সুফলে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।
ডিবিসি/আরএসএল