আন্তর্জাতিক, এশিয়া
পুরুষ অভিভাবক ছাড়া চিকিৎসাসেবা মিলছে না আফগান নারীদের

আফগানিস্তানে তালেবান সরকারের নতুন অলিখিত বিধিনিষেধের কারণে পুরুষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা নিতে পারছেন না অনেক নারী। জরুরি পরিস্থিতিতেও চিকিৎসা না পেয়ে চরম দুর্ভোগে পড়ছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও জান টাইমসের যৌথ অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির বিভিন্ন প্রদেশে পুরুষ চিকিৎসকদের নারী রোগী পরীক্ষা ও চিকিৎসা দিতে নিষেধ করা হচ্ছে। নির্দেশ অমান্য করলে গ্রেপ্তারের হুমকিও দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা প্রকাশ করা হয়নি।
হেরাতের বাসিন্দা ৩৭ বছর বয়সী ফরিদা তীব্র দাঁতের ব্যথা নিয়ে একটি ক্লিনিকে চিকিৎসা শুরু করেছিলেন। কয়েক দফা চিকিৎসার পর তাকে জানানো হয়, তালেবানের নির্দেশে পুরুষ দন্তচিকিৎসক আর নারী রোগীদের চিকিৎসা দিতে পারবেন না। ফলে তিন মাস ধরে তার চিকিৎসা অসম্পূর্ণ রয়েছে।
উত্তর আফগানিস্তানের এক শল্যচিকিৎসক জানান, নারী রোগীর অবস্থা যতই সংকটাপন্ন হোক, নির্দিষ্ট শর্ত ছাড়া তাদের সরাসরি পরীক্ষা করার অনুমতি নেই। অনেক ক্ষেত্রে পুরুষ অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে।
এদিকে ২০২৪ সালের ডিসেম্বর থেকে নারীদের চিকিৎসাশিক্ষা গ্রহণেও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে দেশে নারী চিকিৎসকের সংকট আরও প্রকট হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বালখ প্রদেশে নারী রোগীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ সম্বোধন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে তালেবান কর্তৃপক্ষ আগে দাবি করেছিল, নারী রোগীদের চিকিৎসার ক্ষেত্রে পুরুষ চিকিৎসকদের ছাড় দেওয়া হবে। তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
চিকিৎসাসেবায় এসব বিধিনিষেধের কারণে আফগান নারীরা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে অপ্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর শরণাপন্ন হচ্ছেন অথবা অসুস্থতা নিয়েই দিন কাটাচ্ছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এসএফএল