ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

অধ্যাপক জিওফ্রে হিন্টনের সতর্কবার্তা

৩ বছরের মধ্যেই মানবজাতির জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে এআই

৩ বছরের মধ্যেই মানবজাতির জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে এআই
অধ্যাপক জিওফ্রে হিন্টনের সতর্কবার্তা

৩ বছরের মধ্যেই মানবজাতির জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে এআই

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

আগামী তিন বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে মানবজাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। ইউরোপীয় নেতাদের এমন সতর্কবার্তা দিতে যাচ্ছেন ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত নোবেলজয়ী বিজ্ঞানী অধ্যাপক জিওফ্রে হিন্টন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের বৃহস্পতিবারের (১২ নভেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনে ইউরোপীয় নেতাদের এক অনানুষ্ঠানিক সম্মেলনে এআইয়ের সম্ভাব্য বিপদ তুলে ধরবেন হিন্টন।


সম্প্রতি কানাডার টরন্টোয় এআই সেফটি ফাউন্ডেশনের আয়োজিত এক আলোচনায় গবেষক পল ক্রিশ্চিয়ানো আশঙ্কা প্রকাশ করেন, আগামী তিন বছরের মধ্যে এআই মানুষের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে। এমনকি ছয় থেকে ১২ মাসের মধ্যেও এ ধরনের বিপর্যয়ের উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে।


হিন্টন বলেন, অতিমানবীয় বুদ্ধিমত্তাসম্পন্ন এআই তৈরি হলে মানুষ সেটিকে নিয়ন্ত্রণ করবে না; বরং সেটিই মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির কারণে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠছে।


ক্রিশ্চিয়ানো দাবি করেন, সাম্প্রতিক পরীক্ষায় কিছু এআই ব্যবস্থা নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করে অনলাইন প্ল্যাটফর্মে অননুমোদিত প্রবেশ, তথ্য সংগ্রহ এবং নিজেদের কার্যক্রম গোপন করার সক্ষমতা দেখিয়েছে।


বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই স্বয়ংক্রিয়ভাবে নতুন এআই ব্যবস্থা, বিপজ্জনক অস্ত্র কিংবা জৈবপ্রযুক্তিনির্ভর হুমকি তৈরি করতে পারে। রোবট, ড্রোন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণও মানুষের হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে।


তবে এসব আশঙ্কা সম্ভাব্য ঝুঁকির পূর্বাভাস, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। গবেষকদের মতে, মানবজাতির নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী তদারকি, কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।


সূত্র: দ্য টেলিগ্রাফ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন