আন্তর্জাতিক, আমেরিকা
ইসরায়েলবিরোধী অবস্থান সত্ত্বেও ৫০ শতাংশ ইহুদি ভোট পেল মার্কিন মুসলিম সিনেটর এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সদ্য অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বিজয়ী সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদ ইহুদি ভোটারদের উল্লেখযোগ্য সমর্থন পেয়েছেন। নতুন এক জরিপে দেখা গেছে, অঙ্গরাজ্যটির ৫০ শতাংশ ইহুদি ভোটার তাকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।
একটি নির্দলীয় ইহুদি সংগঠনের উদ্যোগে পরিচালিত জরিপে এসব তথ্য উঠে এসেছে। মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স গত ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৮৮৩ জন ইহুদি ভোটারের ওপর জরিপটি পরিচালনা করে। এতে সম্ভাব্য ত্রুটির সীমা ধরা হয়েছে ৩ দশমিক ৯ শতাংশ।
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে আলোচনায় ছিলেন এল-সায়েদ। বিশেষ করে মিশিগানের একটি সিনাগগে সন্ত্রাসী হামলার পর তার দেওয়া ‘আঘাতপ্রাপ্ত মানুষ অন্যকে আঘাত করে’ মন্তব্যটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে তিনি ওই মন্তব্যের জন্য ক্ষমা চান।
এসব বিতর্কের পরিপ্রেক্ষিতে ইহুদি ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ যুক্তরাষ্ট্রের ইহুদি ভোটাররা ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটিক পার্টিকে বড় ব্যবধানে সমর্থন দিয়ে আসছেন।
তবে জরিপে দেখা যায়, ইহুদি ভোটারদের মধ্যে এল-সায়েদ তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে সাত শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।
অন্যদিকে একই নির্বাচনে মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর জসলিন বেনসন ইহুদি ভোটারদের ৬৯ শতাংশ সমর্থন পেয়েছেন।
তবে ইহুদি অধ্যুষিত ওকল্যান্ড কাউন্টিতে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে রজার্স পেয়েছেন ৫২ শতাংশ এবং এল-সায়েদ ৩৯ শতাংশ ইহুদি ভোট। এই কাউন্টিতেই এর আগে সিনাগগে হামলার ঘটনাটি ঘটেছিল।
জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েল নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও মিশিগানের ইহুদি ভোটারদের একটি বড় অংশ এল-সায়েদের পক্ষেই অবস্থান নিয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ডিবিসি/এসএফএল