সারা বাংলা
গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ চাচাতো ভাইয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই চাচাতো-জ্যাঠাতো ভাই সামিউল ইসলাম (১৪) ও আব্দুল্লাহ মিয়া (৮) নিহত হয়েছে।
শুক্রবার রাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সাদুল্লাপুরের বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল ইসলাম উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের ছাদেকুল মণ্ডলের ছেলে। সে স্থানীয় ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর আব্দুল্লাহ মিয়া একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সামিউল তার চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল চালিয়ে চাচাতো ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফিরছিল। পথে বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল্লাহ মিয়া এবং ডক্টরস ক্লিনিকে সামিউল ইসলাম মারা যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন