ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

সাগরে ডুবানো হল টাইটানিক থেকেও বড় মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

সাগরে ডুবানো হল টাইটানিক থেকেও বড় মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

আন্তর্জাতিক

সাগরে ডুবানো হল টাইটানিক থেকেও বড় মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২৪ মিনিট আগে

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ও বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ তার শেষ যাত্রা সম্পন্ন করে মেক্সিকো উপসাগরের তলদেশে ঠাঁই নিয়েছে। গত বুধবার ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে ইচ্ছাকৃতভাবে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়, সামুদ্রিক পরিভাষায় যা ‘স্কাটলিং’ নামে পরিচিত। ডুবিয়ে দেওয়ার আগে জাহাজটির খোল ফাঁপা করে নেওয়া হয় এবং দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে ধীরে ধীরে পানি ঢুকিয়ে এটিকে সমুদ্রের তলদেশে নামিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় এক হাজার ফুট দীর্ঘ এই কিংবদন্তি নৌযানটির এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত এসএস ইউনাইটেড স্টেটস দৈর্ঘ্যে বিখ্যাত টাইটানিক জাহাজের চেয়েও বড় ছিল। ১৯৫২ সালে প্রথম যাত্রাতেই এটি মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতির যে বিশ্ব রেকর্ড গড়েছিল, আজও কোনো যাত্রীবাহী জাহাজ তা ভাঙতে পারেনি। ১৯৬৯ সালে অবসরে যাওয়ার আগে দীর্ঘ ১৭ বছর এই বিলাসবহুল জাহাজে ভ্রমণ করেছেন জন এফ কেনেডি, বিল ক্লিনটনসহ যুক্তরাষ্ট্রের চারজন সাবেক প্রেসিডেন্ট এবং মেরিলিন মনরো ও সালভাদর দালির মতো বিশ্বখ্যাত তারকারা।

 

বহু বছর ধরে ফিলাডেলফিয়া বন্দরে অচল অবস্থায় নোঙর করা জাহাজটির দৈনিক রক্ষণাবেক্ষণ ও মাশুল খরচ অলাভজনক সংস্থাটির পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। পরিবেশগত সব ধরনের মানদণ্ড মেনে দীর্ঘ এক বছরের প্রস্তুতিতে জাহাজটি থেকে রং, জ্বালানি ও ক্ষতিকর পদার্থ অপসারণ করা হয়, যাতে এটি সমুদ্রের তলদেশে পরিবেশবান্ধব ও নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে উঠতে পারে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ডুবে যাওয়া এই জাহাজটি বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরিত হবে, যা ফ্লোরিডার সামুদ্রিক বাস্তুতন্ত্র ও পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। কৃত্রিম এই প্রাচীর সমুদ্রের তলদেশে মাছ, প্রবাল ও অন্যান্য জলজ প্রাণীর নতুন আবাসস্থল তৈরি করে সামগ্রিক পরিবেশ ও মৎস্যশিল্পের উপকার করবে। পাশাপাশি, সমুদ্রতলের এই বিশাল স্থাপনাটি ঘুরে দেখতে বিশ্বজুড়ে ডুবুরি ও পর্যটকদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

 

মূলত সামুদ্রিক প্রাণবৈচিত্র্য রক্ষায় কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির এই ধারণা বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। ইউনেসকোর তথ্যমতে, সাগরতলে ডুবে থাকা লাখো জাহাজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ‘রিগস টু রিফস’ কর্মসূচির আওতায় শত শত পুরোনো তেল-গ্যাস কাঠামো, পাতালরেলের বগি, কংক্রিটের ব্লক ও বিশেষ নকশা করা ‘রিফ কিউব’ ডুবিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়েছে। এসএস ইউনাইটেড স্টেটসের এই অন্তিম যাত্রা সেই পরিবেশবান্ধব উদ্যোগেই এক ঐতিহাসিক মাইলফলক যুক্ত করল।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন