সারা বাংলা
ফেরিতে শিক্ষার্থীর মৃত্যু, মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ১৫০টি যানবাহন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কক্সবাজার ও বান্দরবানে শিক্ষা সফরে যান তারা। সফর শেষে শুক্রবার চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে করে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন। ফেরিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, ফেরি ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় চাঁদপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন নৌ পুলিশের এক উপপরিদর্শক। সেই ঘটনায় ফেরি ও বাল্কহেডের চারজনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেরির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, গতকাল শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় মাদ্রাসাছাত্রের মৃত্যুর পর চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে। তাঁদের অভিযোগ, অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, মাস্টারকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা ফেরি পরিচালনা করবেন না। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ফেরি ছাড়ার কথা জানিয়েছেন তাঁরা।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ জট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন ভোগান্তিতে পড়া যাত্রী ও চালকেরা।
ট্রাকচালক সাগর বলেন, ‘ফেরি চলাচল বন্ধ থাকায় আমাদের দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ব্যবসায়ীদেরও বড় ধরনের লোকসান গুনতে হবে।’
বাসচালক জলিল বলেন, ‘আমরা যশোর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। এখানে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ আছে। এখন যাত্রী ও চালক সবাই চরম ভোগান্তিতে পড়েছি। আগে জানলে এই রুটে আসতাম না। এখন পদ্মা সেতু হয়ে ঘুরে যাওয়াও সম্ভব না। আমরা চাই, দ্রুত সমস্যার সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করা হোক।’
যাত্রী ছলেমান বলেন, ‘ফেরি বন্ধ থাকায় আমাদের অনেকক্ষণ ধরে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্ট পাচ্ছেন। জরুরি কাজে যাঁরা যাচ্ছেন, তাঁরাও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আমরা চাই, দ্রুত ফেরি চালু করে এই ভোগান্তি থেকে আমাদের মুক্তি দেওয়া হোক।’
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, ‘আমাদের ফেরি দুর্ঘটনার শিকার হলে সেটি নৌ অধ্যাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। অথচ নৌ পুলিশকে একাধিকবার বলার পরও আমাদের এক মাস্টারকে অন্যায়ভাবে আটক করেছে। তাছাড়া যেই ছেলেটি মারা গিয়েছে তার পরিবার কোনো ধরনের অভিযোগ করেনি। তারা বলেছে ভুল ছিল বাল্কহেডের। এরপরেও পুলিশ আমাদের মাস্টারকে ধরে নিয়ে যায়। যদি তাঁকে ছেড়ে দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের ফেরি চলাচল বন্ধের ডাক দেওয়া হবে।’
বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘আমাদের ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। গতকাল চ্যানেলে ঢোকার মুহূর্তে অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও তারা ফেরিকে ধাক্কা দেয়। এই ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেপ্তার করে পুলিশ। তাই তার মুক্তির দাবিতে এই রুটে বিআইডব্লিউটিসির কর্মচারী ও মাস্টাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যাতে সমস্যা সমাধান করে ফেরি চলাচল সচল করা হয়।’
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, ‘আমরা প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করেছি। এই দুর্ঘটনার পেছনে ফেরি ও বাল্কহেডের চালকের দায় রয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিটা তদন্ত করা হচ্ছে। কর্মবিরতির বিষয়ে আমরা বলতে পারব না।’
ডিবিসি/এসডব্লিউএন