খেলাধুলা, ফুটবল
২১ বছর পর সাফের ফাইনালের হাতছানি বাংলাদেশের সামনে

ঘরের মাটিতে চলমান সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে টানা জয়ে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে হামজা চৌধুরীর দল। পাকিস্তানকে হারাতে পারলে দীর্ঘ ২১ বছর পর আবারও সাফের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে সর্বশেষ ২০০৫ সালের আসরের ফাইনালে খেলেছিল বাংলাদেশ, যেখানে ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হতে হয়েছিল। এদিন বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।
ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পর গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে দারুণ ছন্দে রয়েছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার বিপক্ষে শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের গোল দলের আক্রমণভাগের শক্তিমত্তার জানান দিয়েছে। ২০০৩ সালে ঘরের মাঠে প্রথমবার সাফ শিরোপা জয়ের পর কেটে গেছে দীর্ঘ ২৩ বছর। সেই অপেক্ষার অবসান ঘটাতে ঘরের মাঠের বিপুল দর্শক সমর্থনকে কাজে লাগিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতেই মাঠে নামবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর দলের পুরো মনোযোগ এখন সেমিফাইনালে বলে জানিয়েছেন মিডফিল্ডার জামাল ভূঁইয়া। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্বাগতিক শিবিরে কিছুটা দুশ্চিন্তা বাড়িয়েছে রক্ষণভাগের চোট সমস্যা। শ্রীলঙ্কা ম্যাচে গোঁড়ালির টেন্ডনে চোট পাওয়ায় টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন রাইটব্যাক সাদ উদ্দিন। ফলে সেমিফাইনালের আগে রক্ষণভাগের অন্য খেলোয়াড়দের ফিটনেস ও একাদশ সাজানো নিয়ে কোচিং স্টাফদের বাড়তি ভাবতে হচ্ছে।
অন্যদিকে, সেমিফাইনালে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে পাকিস্তান। গ্রুপপর্বের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৩-২ গোলে হাড্ডাহাড্ডি লড়াই করে হারলেও পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ম্যাচের আগে পাকিস্তান শিবির থেকেও দেওয়া হয়েছে কড়া বার্তা, যা লড়াইয়ের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে জমজমাট এক সেমিফাইনালের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। চোটের ধাক্কা সামলে গ্রুপপর্বের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আবারও সাফের ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ। আর জয় পেলে আঞ্চলিক ফুটবলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের স্বপ্নের আরও এক ধাপ কাছে পৌঁছে যাবে স্বাগতিকরা।
ডিবিসি/এফএইচআর