ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

তলোয়ারধারীদের আইন দেখাবেন না: আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুঁশিয়ারি রুবিওর

তলোয়ারধারীদের আইন দেখাবেন না: আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুঁশিয়ারি রুবিওর

আন্তর্জাতিক

তলোয়ারধারীদের আইন দেখাবেন না: আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুঁশিয়ারি রুবিওর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

আন্তর্জাতিক আইনের অপব্যবহারের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) কনজারভেটিভ সংগঠন ফেডারেলিস্ট সোসাইটির জাতীয় আইনজীবী সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি আন্তর্জাতিক আইনকে বৈশ্বিক অভিজাত শ্রেণির স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে আখ্যা দেন। আইসিসিকে সরাসরি সতর্ক করে রোমান সেনাপতি পম্পেইয়ের উদ্ধৃতি টেনে রুবিও বলেন, আমেরিকানদের ওপর নিজেদের কাগুজে নির্দেশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জবাব হবে তলোয়ারধারীদের মতোই।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হেগভিত্তিক এই আদালতের বিরুদ্ধে ওয়াশিংটনের অস্বীকৃত আইন প্রয়োগের চেষ্টার অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রুবিওর দাবি, ক্যারিবীয় অঞ্চলে নৌযানে হামলা থেকে শুরু করে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করা পর্যন্ত ট্রাম্প প্রশাসনের প্রায় প্রতিটি বড় পররাষ্ট্রনীতি বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করতে আন্তর্জাতিক আইনকে ব্যবহার করা হয়েছে। তাঁর মতে, কারও কাছে জবাবদিহি না করা এই আদালত এমন সব আইনের ভিত্তিতে মার্কিন নাগরিকদের তদন্ত ও বিচারের ক্ষমতা খাটাতে চাইছে, যেগুলোতে যুক্তরাষ্ট্রের কোনো সম্মতি বা নিয়ন্ত্রণ নেই।

 

মূলত গাজা যুদ্ধে গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে অতীতের তদন্তের জেরেই আদালতটির ওপর ক্ষুব্ধ ওয়াশিংটন। প্রায় এক মাস আগে আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি আদালতটির কার্যক্রম অচল করে দেওয়ার অঙ্গীকার করেছিল ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, আইসিসি প্রতিষ্ঠার ভিত্তি ‘রোম সংবিধি’তে স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল, রাশিয়া ও চীন কখনোই চুক্তিটি অনুসমর্থন করেনি।

 

চলতি মাসের শুরুতে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে এটিই ছিল মার্কো রুবিওর প্রথম গুরুত্বপূর্ণ ভাষণ। সম্মেলনে তাঁর বক্তব্যের সময় উপস্থিত আইনজীবীরা দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানান। রুবিওর এই জোরালো অবস্থানকে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের নীতির প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে, যার অংশ হিসেবে ওয়াশিংটন এই আদালতটির সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে।

 

এদিকে, ফেডারেলিস্ট সোসাইটির এই মঞ্চে রুবিওর বক্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। অতীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রত্যাশীদের বক্তব্য দেওয়ার এই সম্মেলনে রুবিওর উপস্থিতি ও ভাষণ তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে আলোচিত এই নেতার বক্তব্য পররাষ্ট্রনীতির গণ্ডি পেরিয়ে আগামী দিনের নেতৃত্বের সমীকরণকেও সামনে নিয়ে এসেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন