সারা বাংলা
হবিগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর মায়া রাণী দাশ (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামের পাশের একটি পরিত্যক্ত শাখা বরাক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মায়া রাণী দাশ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের মৃত কৃষ্ণ মোহন দাশের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত ৯ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয় লোকজন শাখা বরাক নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন