সারা বাংলা
১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নেমেছে বাপেক্স

দীর্ঘ ১৯ দিন পর কক্সবাজারের উখিয়ার ইনানীতে উদগীরিত গ্যাসকূপের আগুন নির্বাপণে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ইতিমধ্যে ঘটনাস্থলে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আনুষঙ্গিক প্রস্তুতি শেষে শনিবার বিকেলেই আগুন নেভানোর মূল কাজ শুরু হতে পারে।
এর আগে শনিবার সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা গ্যাস উদগীরণস্থল ও এর আশপাশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্যাস উত্তোলনের জন্য সেখানে নতুন করে খননকাজ চালানো হবে কি না, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আপাতত জ্বলন্ত আগুন নিরাপদে নিয়ন্ত্রণ ও নির্বাপন করাই তাদের প্রধান লক্ষ্য। গ্যাসের মজুতের বিষয়ে অনুসন্ধান শুরু করার আগে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।
এ বিষয়ে বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান জানান, কূপের আগুন নেভানোর জন্য সব ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হচ্ছে। তবে ঠিক কবে নাগাদ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাসের মজুত যাচাইয়ে বিশেষজ্ঞ দল অনুসন্ধান চালাবে এবং সেই ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি নলকূপ স্থাপনের সময় হঠাৎ গ্যাস উদগীরণ শুরু হয় এবং এতে আগুন ধরে যায়। সেই থেকে কূপটিতে টানা আগুন জ্বলছে। ঘটনার পরপরই বাপেক্সসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এলাকাটি পরিদর্শন করেন এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারিসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
ডিবিসি / এমকেএ