সারা বাংলা
কিশোরগঞ্জে কানামাছি খেলতে গিয়ে তিনতলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে কানামাছি খেলার সময় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে স্নিগ্ধা বর্মন অদ্রি (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কটিয়াদী উপজেলা সদরের লিটল ফ্লাওয়ার স্কুলের পাশের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অদ্রি কটিয়াদী হাসপাতাল রোডের লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র বর্মনের একমাত্র মেয়ে। তাদের পৈতৃক বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাগুয়া গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাসার তিনতলা ভবনের ছাদে ছোট ভাই ও সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে কানামাছি খেলছিল অদ্রি। খেলার একপর্যায়ে চোখ বাঁধা অবস্থায় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায় সে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অদ্রিকে মৃত ঘোষণা করেন।
লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আবুল হাসান জানান, অদ্রি তৃতীয় শ্রেণির অত্যন্ত ভালো ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকালমৃত্যুতে বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা এসআই সুভাষ চন্দ্র বর্মন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি আমার পরিবারের স্বপ্নকে হারিয়ে ফেলেছি। আমি কাকে মা বলে ডাকব, আমাকে কে বাবা বলে ডাকবে? অদ্রিকে নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল, মুহূর্তের মধ্যেই আজ সব শেষ হয়ে গেল। সৃষ্টিকর্তা যেন আমার অদ্রিকে ভালো রাখেন, এটাই আমাদের কামনা।
ডিবিসি / এমকেএ