সারা বাংলা
ফেনীর পরশুরামের প্রত্যন্ত গ্রামে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা

ফেনীর পরশুরাম উপজেলার প্রত্যন্ত অঞ্চল পূর্ব সাতকুচিয়া গ্রামে ‘ডা. ফরিদ উদ্দিন মেমোরিয়াল ডক্টর চেম্বার’ উদ্বোধন করা হয়েছে। প্রয়াত ডা. ফরিদ উদ্দিন আহমদের স্মৃতি ও তার মানবসেবার স্বপ্নকে ধারণ করে প্রবাসী বড় ভাই শফি উদ্দিন আহমদ দিদারের উদ্যোগে পৈতৃক বাড়িতে গ্রামের মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রটি চালু করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে প্রয়াত ডা. ফরিদ উদ্দিন আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে চেম্বারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে এলাকার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
সমাজসেবক নেসার আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোহাম্মদ শাহজালাল, আয়কর আইনজীবী মোহাম্মদ ইউনুস, ইসহাক আহমেদ ভূঁইয়া ও মো. আহসান রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক এবং গ্রামের শতাধিক বাসিন্দা।
স্থানীয়রা জানান, গ্রামীণ জনপদে সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে এলাকার অসহায় ও সাধারণ মানুষ এখন নিজ গ্রামেই সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
তাদের প্রত্যাশা, ‘ডা. ফরিদ উদ্দিন মেমোরিয়াল ডক্টর চেম্বার’ শুধু একটি চিকিৎসাকেন্দ্র হিসেবেই নয়, বরং প্রয়াত ডা. ফরিদ উদ্দিন আহমদের মানবকল্যাণে কাজ করার স্বপ্ন বাস্তবায়নের একটি অনন্য মাধ্যম হয়ে থাকবে।
ডিবিসি / এমকেএ