ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সহযোগীসহ আরসার সেকেন্ড-ইন-কমান্ড গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সহযোগীসহ আরসার সেকেন্ড-ইন-কমান্ড গ্রেপ্তার

সারা বাংলা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সহযোগীসহ আরসার সেকেন্ড-ইন-কমান্ড গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সহযোগীসহ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সেকেন্ড-ইন-কমান্ড নুর হোসেনকে (৩১) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ।

 

গ্রেপ্তার হওয়া নুর হোসেন উখিয়া উপজেলার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-২৮ ব্লকের জমির হোসেনের ছেলে এবং তার সহযোগী মোহাম্মদ জুনায়েদ (২৩) একই ক্যাম্পের এফ-২১ ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে।

 

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের গোলঘরের পাশের চায়ের দোকানের সামনের রাস্তায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কয়েকজন দুর্বৃত্ত অবস্থান করছে বলে খবর পায় এপিবিএন। এরপর পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে উপস্থিতি টের পেয়ে তিন-চারজন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যান।

 

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নুর হোসেন সশস্ত্র সংগঠন আরসার সেকেন্ড-ইন-কমান্ড এবং জুনায়েদ সংগঠনটির সদস্য ও তার সহযোগী। তাদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন