সারা বাংলা
৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক

দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী আয়োজনে তাকে বিদায় জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা। আবেগঘন এই আয়োজনে অনেকের চোখেই ছিল অশ্রু।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
জানা যায়, হারুন অর রশিদ দীর্ঘ ৩৭ বছর ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ২০২৪ সালে তিনি বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষক সংগঠনের নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনুর আরেফিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রাসেল মোল্লা ও সারমিন খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ভালোবাসার নিদর্শন হিসেবে একটি মোটরসাইকেল, ফ্রিজ, এয়ার কুলার, ডিনার সেট, জায়নামাজ, টুপি, পাঞ্জাবি ও বইসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।
বক্তারা তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদানের প্রশংসা করেন এবং অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে ঘোড়ার গাড়িতে চড়ে তার বিদায়ের দৃশ্যটি অনুষ্ঠানের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।
ডিবিসি / এমকেএ