আন্তর্জাতিক, পাকিস্তান
টিকটক করতে গিয়ে বাঘিনীর হামলায় প্রাণ গেল পাকিস্তানি কিশোরের

পাকিস্তানের লাহোরে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বাঘিনীর হামলায় ১৯ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় টিকটক কনটেন্ট নির্মাতা নোমান হাসান ও ফার্মহাউসের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিগত ফার্মহাউসে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম তালহা। তিনি ওই ফার্মহাউসের কর্মচারী ছিলেন।
পুলিশ ও সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, টিকটক ভিডিও তৈরির জন্য নোমান হাসানের অনুরোধে বাঘিনীটিকে খাঁচা থেকে বের করা হয়। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তালহার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর প্রথমে তালহাকে কুকুর আক্রমণ করেছে বলে দাবি করেন ওই টিকটকার। তবে তদন্তে বাঘিনীর হামলার বিষয়টি সামনে আসে। পরে ফার্মহাউসের মালিক ফাইয়াজ ও নোমান হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
লাহোর পুলিশ জানিয়েছে, টিকটকের শখ কোনোভাবেই মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। বিনোদনের নামে কারও জীবন ঝুঁকিতে ফেলার সুযোগ নেই। ঘটনার প্রকৃত তথ্য গোপন এবং অবহেলার বিষয়গুলোও তদন্ত করা হচ্ছে।
ফার্মহাউসটিতে বাঘিনীটি প্রজননকেন্দ্রে রাখা হয়েছিল। সেটি রাখার বৈধ অনুমতি ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারী বাঘিনীটিকে বন্য প্রাণী বিভাগের হেফাজতে দেওয়া হয়েছে।
নোমান হাসান এর আগেও বাঘ ও চিতাবাঘের সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও প্রকাশ করেছেন। তার এমন ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও রয়েছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল