ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৬ নেতার পদত্যাগ: ‘ধানক্ষেতে পালিয়ে থাইকা দল করেছি- আমাদের মূল্যায়ন নাই'

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৬ নেতার পদত্যাগ: ‘ধানক্ষেতে পালিয়ে থাইকা দল করেছি- আমাদের মূল্যায়ন নাই'

সারা বাংলা

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৬ নেতার পদত্যাগ: ‘ধানক্ষেতে পালিয়ে থাইকা দল করেছি- আমাদের মূল্যায়ন নাই'

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কুমিল্লার দেবিদ্বরে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে পদ বণ্টনের অভিযোগ তুলে ৪ নম্বর সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন ছয় নেতা।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে দেবিদ্বার নিউমার্কেট এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

 

পদত্যাগকারী নেতারা হলেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান হিরন এবং যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, গোলাম রাব্বানী, সোহেল নেয়ামত সরকার, মো. রিপন ও এম এ জলিল। তাঁদের দাবি, আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়া কমিটির অন্য সব যুগ্ম আহ্বায়ক পদত্যাগ করেছেন।

 

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েও যাঁরা রাজপথে বিএনপির রাজনীতি টিকিয়ে রেখেছেন, নবগঠিত কমিটিতে তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং স্বজনপ্রীতি, ব্যক্তিগত সম্পর্ক ও অর্থের বিনিময়ে গুরুত্বপূর্ণ পদ বণ্টন করা হয়েছে।

 

তাঁদের অভিযোগ, বিগত আন্দোলন-সংগ্রামে যাঁদের মাঠে দেখা যায়নি, তাঁদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। অথচ দলের দুঃসময়ে সক্রিয় থাকা ত্যাগী নেতাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একটি ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে।

 

তবে পদত্যাগকারী নেতারা স্পষ্ট জানিয়েছেন, তাঁরা বিএনপি থেকে পদত্যাগ করছেন না। শুধু নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন।

জানা গেছে, গত ১০ নভেম্বর রাতে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরে ৪ নম্বর সুবিল ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কামাল হোসেনকে আহ্বায়ক এবং হানিফ ভূঁইয়াকে সদস্যসচিব করা হয়।

 

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসীমউদ্দীন বলেন, ‘যেহেতু এটি স্বল্প সময়ের জন্য একটি আহ্বায়ক কমিটি, তাই পদের সংখ্যা সীমিত ছিল। সবাইকে কোনো না কোনোভাবে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। তবে একটি পদে তো আর সবাইকে রাখা সম্ভব নয়।’

 

তিনি আরও বলেন, ‘যাঁরা পদত্যাগ করেছেন, তাঁরা সবাই দলের নিবেদিতপ্রাণ কর্মী। পদ-পদবি নিয়ে মানুষের পছন্দ-অপছন্দ থাকতেই পারে। কেউ পদত্যাগ করতে চাইলে আমি তা গ্রহণ করব। তবে কাউন্সিল ও পূর্ণাঙ্গ কমিটিতে তাঁরা অন্য পদে প্রার্থী হতে পারতেন। এভাবে পদত্যাগ করাই সমাধান নয়।’

 

উপজেলা বিএনপির এই নেতা জানান, আহ্বায়ক কমিটির পাশাপাশি ওয়ার্ড পর্যায়ের সব কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন