ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ভোলায় চোরাই স্বর্ণালংকার বিক্রির চেষ্টাকালে গ্রেপ্তার ১

ভোলায় চোরাই স্বর্ণালংকার বিক্রির চেষ্টাকালে গ্রেপ্তার ১

সারা বাংলা

ভোলায় চোরাই স্বর্ণালংকার বিক্রির চেষ্টাকালে গ্রেপ্তার ১

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৯ মিনিট আগে

ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২১ লাখ টাকা মূল্যের চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুল আলী (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ভোলা সদর রোডের 'নূর জুয়েলার্স' নামের একটি দোকানে চোরাই স্বর্ণালংকার বিক্রির চেষ্টাকালে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার মো. আব্দুল আলী মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এসব তথ্য নিশ্চিত করেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা সদর রোডের নূর জুয়েলার্সে এক ব্যক্তি সন্দেহজনকভাবে বেশ কিছু স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তাঁর সঙ্গে থাকা একটি কালো হাতব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তির কাছে স্বর্ণালংকারগুলোর বৈধ মালিকানা ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের মাধ্যমে পরীক্ষা ও পরিমাপ করে উদ্ধারকৃত স্বর্ণালংকারের পরিমাণ ৯ ভরি ১৫ আনা ১ রতি বলে নিশ্চিত হওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা। এ ছাড়া তাঁর ব্যাগ থেকে নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়েছে।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত মুঠোফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে, তিনি ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার সাম্মা তাছলিম নামের এক ব্যক্তির বাসা থেকে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন। পরবর্তীতে সেগুলো স্থানীয় বাজারে বিক্রির চেষ্টা করছিলেন।

 

ঘটনাটি ভুক্তভোগী পরিবারকে জানানো হয়েছে এবং এ বিষয়ে ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার করা স্বর্ণালংকার ও নগদ টাকা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল আলীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন