ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

সারা বাংলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৯ মিনিট আগে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমকে একমাত্র নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি জবরদখলের অভিযোগ আনা হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন ইদ্রিস আলী। পরবর্তীতে ওই জমি দখলের পরিকল্পনা করেন আবদুল হালিম। এরই জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান।

 

এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করেন। এতে বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়।

 

বাদী ইদ্রিস আলী অভিযোগ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় কারাভোগ শেষে জামিনে বেরিয়ে তিনি জানতে পারেন, মেয়ে সংসদ সদস্য হওয়ার প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়েছেন আবদুল হালিম। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় তিনি সপরিবারে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

 

এজাহারে আরও বলা হয়, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলে জানতে পেরে আতঙ্কিত হয়ে তিনি থানায় মামলাটি দায়ের করেছেন। মূলত ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণেই এত দিন তিনি মামলা করতে পারেননি।

 

বাদী ইদ্রিস আলী বলেন, আবদুল হালিমের ভাইদের কাছ থেকে আমি জমিটি কিনেছিলাম, যা হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায় অবস্থিত। মূলত সেই হামলা ও জমি দখলের ঘটনার বিচার পেতেই থানায় মামলা করেছি।
 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হালিম বলেন, মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং এলাকায় তার অনেকের সঙ্গেই বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে জানি। ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন তিনি। এ ব্যাপারে আমি এখনো বিস্তারিত কিছু জানি না।

 

মামলার বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শনিবার সকালে ইদ্রিস আলী নামে এক ব্যক্তি আবদুল হালিমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী বলেন, মামলাটির তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন