ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, আইন ও কানুন

ভৈরবে মেঘনা নদীতে বিআইডব্লিউটি'র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, রেহাই নেই বৈধ কাগজেও

ভৈরবে মেঘনা নদীতে বিআইডব্লিউটি'র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, রেহাই নেই বৈধ কাগজেও

সারা বাংলা, আইন ও কানুন

ভৈরবে মেঘনা নদীতে বিআইডব্লিউটি'র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, রেহাই নেই বৈধ কাগজেও

ভৈরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫২ মিনিট আগে

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় নৌযান চালকরা। সম্প্রতি স্পিডবোটে করে চাঁদা আদায়ের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

চালকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নদীপথে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে।

 

জানা যায়, ভৈরব-আশুগঞ্জ নদীবন্দর দিয়ে রাজধানী ঢাকাসহ নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের হাওর অঞ্চল (অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা), সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা অঞ্চলের যাত্রীবাহী লঞ্চ, কার্গো ও বালুবাহী বাল্কহেডসহ প্রতিদিন কয়েক হাজার নৌযান চলাচল করে। কম খরচ ও স্বল্প সময়ে যাতায়াতের সুবিধার কারণে রুটটি চালকদের কাছে বেশ জনপ্রিয়। তবে সাম্প্রতিক সময়ে বিআইডব্লিউটিএর অসাধু কর্মকর্তাদের হয়রানি ও চাঁদাবাজির কারণে এই রুটে নৌযান চলাচল কমতে শুরু করেছে বলে দাবি চালকদের। অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে নিরাপদ ও হয়রানিমুক্ত নৌচলাচলের দাবি জানিয়েছেন তারা।

 

সুনামগঞ্জ থেকে বালুভর্তি বাল্কহেড নিয়ে ঢাকায় যাওয়ার পথে মো. সালিম নামে এক চালক জানান, বৈধ কাগজপত্র থাকলেও বিআইডব্লিউটিএর লোকজন ছাড় দেন না। তাদের খুশি করতে একেকবার ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত দিতে হয়।

 

বাল্কহেড মাঝি জুনায়েদ মিয়া বলেন, আমরা বালু, পাথর ও সিমেন্ট পরিবহন করি। অভিযানের নামে কাগজপত্র ঠিক পেলেও নানা অজুহাতে হয়রানি করে টাকা নেওয়া হয়। টাকা না দিলে বাল্কহেড আটকে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়।

 

আক্ষেপ প্রকাশ করে সুকানি জিল্লু মিয়া বলেন, নদীতে স্পিডবোট বা নৌকা নিয়ে এসে নৌযান আটকে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। নতুন সরকার আসার পরও তারা নিরাপত্তা, হয়রানি ও চাঁদাবাজি থেকে রক্ষা পাননি।

 

অভিযোগের বিষয়ে ভৈরব-আশুগঞ্জ নদীবন্দর কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল ওয়াকিল বলেন, মেঘনা নদীতে আমাদের একটি দল নিয়মিত টহল দেয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে। তবে আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা খতিয়ে দেখেছি, সেখানে কোনো অর্থের লেনদেন হয়নি। তারপরও যদি মাঝিদের কাছ থেকে কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকেন এবং তা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন