ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়, রাজধানী

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

জাতীয়, রাজধানী

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৫২ মিনিট আগে

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হতে যাচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিকভাবে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়।

 

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন। এ সময় তৃতীয় টার্মিনালের ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

 

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে এর কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

 

আগামী ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তৃতীয় টার্মিনালের যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন