ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’- ভিক্ষুকের মাইকিং

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’- ভিক্ষুকের মাইকিং

সারা বাংলা

‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’- ভিক্ষুকের মাইকিং

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩৮ মিনিট আগে

‘২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তাঁরা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে।’ এমন ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ ঘোষণা দিয়ে মাইকিং করে ভিক্ষা করছেন এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি। তাঁর অভিনব এই ভিক্ষা চাওয়ার পদ্ধতি গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে পূবাইল বাজারে দেখা যায়, মোশাররফ হোসেন হাওলাদার নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এক হাতে লাঠি ও অন্য হাতে শব্দবর্ধক মাইক নিয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন।

 

মাইকে ব্যবসায়ী ও পথচারীদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, ‘এতদ্বারা পূবাইল বাজারের ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের যাঁরা ভিক্ষা বকেয়া রেখেছেন, তাঁরা দ্রুত পরিশোধ করুন। অতিসত্বর বিল পরিশোধ না করলে সবাইকে ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না।’

 

শুধু তাই নয়, ভিক্ষা গ্রহণের সময়সীমা ও সর্বনিম্ন পরিমাণও নির্ধারণ করে দেন তিনি। মাইকে ঘোষণা করেন, ‘আজকের ভিক্ষা গ্রহণের শেষ সময় দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এরপর আর ভিক্ষা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে সর্বনিম্ন ভিক্ষার পরিমাণ পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।’

 

তাঁর এমন ব্যতিক্রমী ঘোষণায় বাজারজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী ও পথচারী থেমে তাঁর কথা শোনেন। কেউ কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। আবার অনেকে তাঁর রসিকতাপূর্ণ বক্তব্য শুনে ভিক্ষাও দেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন শুধু মাইকিং করেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধের মাধ্যমেও নোটের মূল্য শনাক্ত করতে পারেন বলে দাবি করেন তিনি।

 

পূবাইল বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘ভিক্ষুক অনেক দেখেছি, কিন্তু এভাবে মাইকিং করে ভিক্ষা চাইতে আগে দেখিনি। তাঁর কথাগুলো মজার হওয়ায় মানুষ আগ্রহ নিয়ে শুনছে।’

 

এক পথচারী বলেন, ‘প্রথমে তাঁর ঘোষণা শুনে মনে হয়েছিল কোনো প্রতিষ্ঠানের প্রচারণা চলছে। পরে বুঝতে পারলাম তিনি ভিক্ষা করছেন। বিষয়টি সত্যিই ব্যতিক্রমী।’

 

স্থানীয়দের মতে, জীবিকার প্রয়োজনে ভিক্ষা সংগ্রহের এমন অভিনব কৌশল পূবাইল বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদারের রসিকতাপূর্ণ ঘোষণা ও ব্যতিক্রমী উপস্থাপনা ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন