ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআইয়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআইয়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সারা বাংলা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআইয়ের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইলের বাসাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) ফরিদ আহমেদ মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত ফরিদ আহমেদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের সরকার বাড়ি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর সকালে ফরিদ আহমেদ মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকার পাশের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

 

খবর পেয়ে বাসাইল থানা ও সংশ্লিষ্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার বিকেলে তিনি মারা যান।

 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফরিদ আহমেদ অত্যন্ত সৎ, দক্ষ ও চৌকস পুলিশ কর্মকর্তা ছিলেন। নিষ্ঠার সঙ্গে তিনি বাসাইল থানায় দায়িত্ব পালন করে আসছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।’

 

ওসি আরও জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ সরাসরি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে। এদিকে তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও নিজ এলাকায় শোকের মাতম চলছে।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন