ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গোপালগঞ্জে ছেলের জানাজার পরপরই শোকে মায়ের মৃত্যু

গোপালগঞ্জে ছেলের জানাজার পরপরই শোকে মায়ের মৃত্যু

সারা বাংলা

গোপালগঞ্জে ছেলের জানাজার পরপরই শোকে মায়ের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর জানাজা শেষে মরদেহ দাফনের জন্য কবরস্থানে নেওয়া হচ্ছিল। সেই শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েন মা। হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি; ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমান তিনিও। শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। পরে পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে ইলিয়াস ফকির (৫০) এবং তার মা হাসিনা বেগম (৭২)। ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছিলেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে একটি দলীয় প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ইলিয়াস ফকির। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

শনিবার সকাল ১০টার দিকে জানাজা শেষে ইলিয়াস ফকিরের মরদেহ দাফনের উদ্দেশ্যে বাড়ি থেকে পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। ছেলের মরদেহ বাড়ি থেকে বের করার পরপরই শোকে বিহ্বল হয়ে অসুস্থ হয়ে পড়েন মা হাসিনা বেগম। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বজন ও স্থানীয়দের ধারণা, ছেলের অকাল মৃত্যুর শোক সইতে না পেরেই হৃদরোগ বা তীব্র মানসিক আঘাতে তার মৃত্যু হয়েছে।

 

মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে ইলিয়াস ফকিরকে এবং বিকেলে তার মা হাসিনা বেগমকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

 

একই দিনে মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, দলীয় নেতাকর্মী ও পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন