সারা বাংলা
বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে ৬৫ বছরের বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামে এক বৃদ্ধা রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
নিহত শিরিন বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকার বাসিন্দা সুলাইমান হোসেনের স্ত্রী।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথাব্যথা, শরীর ব্যথা ও জ্বর নিয়ে গত ১২ অক্টোবর শিরিনকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় ভর্তি করা হয়েছিল। এর আগেও তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন, যার ফলে শারীরিক জটিলতার পাশাপাশি তিনি মানসিকভাবেও কিছুটা অসুস্থ ছিলেন।
শনিবার রাতে শিরিনকে ওয়ার্ডে রেখে তাঁর স্বামী সুলাইমান হোসেন নামাজ আদায় করতে যান। এ সময় তিনি ছয়তলার উত্তর ব্লকের সিঁড়ির পাশের থাই গ্লাসের জানালা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটি নিছক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।
ডিবিসি/এমএনকে