ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী

মোহাম্মদপুরে নিরাপত্তায় ১১২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন

মোহাম্মদপুরে নিরাপত্তায় ১১২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন

রাজধানী

মোহাম্মদপুরে নিরাপত্তায় ১১২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

রাজধানীর মোহাম্মদপুরসহ ঢাকা-১৩ সংসদীয় এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে ১৫টি কৌশলগত স্থানে ১১২টি আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৮০টি উচ্চ রেজল্যুশনসম্পন্ন এবং ৩২টি জুম সুবিধাযুক্ত ক্যামেরা রয়েছে। পাশাপাশি এলাকার নিরাপত্তায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে পুরো আসনটিকে ৭০টি ভাগে বিভক্ত করে মহল্লাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ এসব তথ্য জানান।

 

প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে চায় সরকার। মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকাকে নিরাপদ, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের থানা পুলিশের দেওয়া অপরাধপ্রবণ এলাকার তথ্যের ভিত্তিতে ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। এর মধ্যে বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং জনসমাগমস্থল রয়েছে। এ ছাড়া জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষায়িত গোপন ক্যামেরা বসানো হয়েছে।

 

প্রতিমন্ত্রী জানান, এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যেই সুফল পাওয়া গেছে। বিশেষ করে ‘জুলাই স্মৃতি জাদুঘরে’ ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই নজরদারি ব্যবস্থা থেকে বড় ধরনের সহায়তা পেয়েছে।

 

নজরদারি ব্যবস্থার আওতা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে ববি হাজ্জাজ বলেন, শুধু পুলিশ ও ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় নয়, নিরাপত্তাব্যবস্থায় স্থানীয় বাসিন্দাদেরও যুক্ত করা হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা-১৩ আসনকে ৭০টি মহল্লায় ভাগ করে কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটিতে মসজিদ-মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন।

 

এলাকার ছিনতাই পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, সমন্বিত সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং পুলিশের নিয়মিত তৎপরতায় বেশ কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় ছিনতাই শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু বিচ্ছিন্ন স্থানে এখনো অপরাধের প্রবণতা থাকায় সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

কেবল ক্যামেরা বসিয়ে অপরাধ নির্মূল সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পুলিশের টহল বৃদ্ধি, জনবল ও লজিস্টিক সক্ষমতা বাড়ানো জরুরি। মোহাম্মদপুর থানার এলাকা বিস্তৃত হওয়ায় পুলিশের দ্রুত পৌঁছাতে সময় লাগে। এই সমস্যা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও পুলিশি সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

 

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন