সারা বাংলা
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়ক অবরোধ করা হলে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নে একদল দুর্বৃত্তের মহড়া ও শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এ সময় বর্ণি ইউনিয়ন যুবদলের একটি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুশলি ইউনিয়নেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রের দাবি, কুশলি ইউনিয়নের খালেকের বাজার এলাকায় অবস্থিত বিএনপির একটি কার্যালয়ে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। একই সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
বিকেল ও সন্ধ্যার এসব ঘটনাকে কেন্দ্র করে বর্ণি ও কুশলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে পৃথক এসব ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।
ডিবিসি/এমএনকে