রাজনীতি
শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী এবং আইনের আওতায় তাঁর যে দণ্ড হয়েছে, তা তাঁকে ভোগ করতে হবে। শনিবার রাজধানীর শাহবাগ মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন। রিজভীর মতে, মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি মানুষ হত্যা, ছাত্রহত্যা ও শ্রমিকহত্যার দায়ে শেখ হাসিনার ঘোষিত ও বিচারাধীন প্রতিটি দণ্ডই তাঁকে ভোগ করতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা দাবি করেন, অতীতে গুম-খুন ও নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি। তিনি উল্লেখ করেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড ঘটিয়ে যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না, কারণ তাঁরা দীর্ঘ সময় ধরে বুক চিতিয়ে লড়াই করেছেন।
বক্তব্যে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের ওপর হওয়া অতীতের অত্যাচার ও শারীরিক নির্যাতনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, এত কিছুর পরও তাঁদের মাথা নত করানো যায়নি এবং ভবিষ্যতেও জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি রাজপথে ব্যারিকেড গড়ে তুলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এফএইচআর