আন্তর্জাতিক
ইসরায়েলি হামলায় হামাসের ব্রিগেড কমান্ডার নিহত

দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির মাহমুদ আবু ইউনুস নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) ভোরে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আল-কাসসাম ব্রিগেডের বিবৃতিতে উল্লেখ করা হয়, সামির মাহমুদ আবু ইউনুস সংগঠনটির জেনারেল মিলিটারি কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় তিনি প্রাণ হারান। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সঙ্গে যৌথভাবে হামাসের সশস্ত্র শাখার এক জ্যেষ্ঠ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানালেও তাঁর নাম প্রকাশ করেনি।
অন্যদিকে, স্থানীয় নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে যে আল-মাওয়াসিতে চালানো ওই ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। উল্লেখ্য, নিহত আবু ইউনুস রাফাহ ব্রিগেডের পূর্ববর্তী কমান্ডার নায়েল আবু ওবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন, যিনি গত ১৫ সেপ্টেম্বর খান ইউনিসে অনুরূপ এক ইসরায়েলি হামলায় নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় শনিবার পর্যন্ত অন্তত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন।
এছাড়া মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি যুদ্ধে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই দীর্ঘমেয়াদী সংঘাতে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী অঞ্চলটি পুনর্গঠনে প্রায় ৭ হাজার ১৪০ কোটি ডলার ব্যয় হতে পারে।
ডিবিসি/এফএইচআর