আন্তর্জাতিক, পাকিস্তান
‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, মেজরসহ ৪ পাকিস্তানি সেনার মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজরসহ চার সদস্য নিহত হয়েছেন। একই অভিযানে পাকিস্তান ঘোষিত ভারত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর ২৪ সদস্য নিহত হয়েছে বলে শনিবার (১৪ নভেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশে গত ১৩ নভেম্বর থেকে চালানো অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ আট সন্ত্রাসী নিহত হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। তবে ১৪ নভেম্বর টহলরত সেনাবাহিনীর যানবাহন লক্ষ্য করে সশস্ত্র কোয়াডকপ্টার হামলায় চাকওয়ালের বাসিন্দা মেজর ওমর মিনহাস নাসির এবং কোটলি সাতিয়ানের হাবিলদার মুহাম্মদ আদনান খান প্রাণ হারান।
আইএসপিআরের দাবি, ভারত ও শত্রুভাবাপন্ন গোয়েন্দা সংস্থার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ড্রোন ও আইইডি ব্যবহার করে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে। তবে শত্রুর এমন কর্মকাণ্ড বাহিনীর মনোবল দুর্বল করতে পারেনি এবং সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সামরিক বাহিনী।
অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলি, দত্তা খেল ও আলি খেল এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর অন্তত ১৬ সদস্য নিহত হয়েছে। তীব্র গোলাগুলির পর নিহত এসব সন্ত্রাসীদের মধ্যে দুজন আফগান নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর।
উত্তর ওয়াজিরিস্তানের এই সংঘর্ষে সাহসিকতার সঙ্গে লড়াই করে প্রাণ দিয়েছেন সোয়াবি জেলার হাবিলদার আসমত আলি (৪৩) এবং মারদান জেলার নায়েক আফতাব আলি (৩২)। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দের পাশাপাশি ওই অঞ্চলে লুকিয়ে থাকা বাকি সদস্যদের নির্মূলে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের এই দুই প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) প্রতিবেদন মতে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতাজনিত মোট প্রাণহানির প্রায় ৯৬ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখোয়া (৪৭৫ জন) ও বেলুচিস্তানে (২৬৫ জন)।
ডিবিসি/এফএইচআর