সারা বাংলা
সাহস থাকলে আপনি আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে: হাসিনার উদ্দেশে গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে অবস্থান নেবে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আমরা পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ।’ তিনি আরও উল্লেখ করেন, বিএনপি জনগণের ভোটে সরকারে এসেছে এবং জনগণই তাদের পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসা বা স্বৈরাচার ফিরে আসার বিষয়ে তাঁদের মতামত জানতে চাইলে উপস্থিত ব্যক্তিরা ‘না’ সূচক জবাব দেন।
বিচারপ্রক্রিয়া ও চলমান পরিস্থিতি প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে তিনি আইন অনুযায়ী আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন এবং আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত রায় হলে তা কার্যকর হবে। পাশাপাশি ক্ষমতাচ্যুতদের বিচার হলে এবং তাঁরা ফিরে এলে জনগণ ক্ষমা করবে কি না, তা জনগণই নির্ধারণ করবে বলে তিনি মন্তব্য করেন।
দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে অভিযোগ করে মন্ত্রী ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা এবং পোশাকশ্রমিকদের টাকা পাঠানোর প্রসঙ্গ টানেন। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা দেশের জনগণ বোঝে।
ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এফএইচআর