আন্তর্জাতিক, ভারত
ভারতে খুন হওয়ার ৭ বছর পর জীবিত ফিরলেন নারী, জেল খাটলেন নির্দোষ যুবক

ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডিয়া জেলায় ‘খুন হয়েছেন’ বলে ধরে নেওয়া এক নারীকে দীর্ঘ সাত বছর পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অথচ ওই নারীকে হত্যার মিথ্যা অভিযোগে এক নিরপরাধ যুবককে দুই বছরেরও বেশি সময় কারাভোগ করতে হয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসার পর ত্রুটিপূর্ণ তদন্ত এবং সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত তদন্ত কর্মকর্তার ভূমিকার বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৯ সালের ৩ জুলাই। মান্ডিয়ার পান্ডবপুরা এলাকার বাসিন্দা মঞ্জু নামের ওই নারী নিজের অমতে বিয়ে দেওয়ার কারণে বাবার বাড়ি ছেড়ে চলে যান। একটি বাসস্ট্যান্ডে অবস্থানকালে তিনি জরুরি প্রয়োজনে বাড়িতে ফোন করার জন্য রাগিমুদ্দানাহাল্লির বাসিন্দা রাজেশ নামের এক পথচারীর মোবাইল ফোন ধার নেন। এরপর তিনি তার পছন্দের মানুষকে বিয়ে করার উদ্দেশ্যে চলে যান।
মঞ্জু বাড়ি না ফেরায় তার বাবা নাগারাজু থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ মঞ্জুর সর্বশেষ কলটি রাজেশের মোবাইল নম্বর থেকে করা হয়েছিল বলে শনাক্ত করে। তবে কোনো হদিস না মেলায় ২০২১ সালে নিখোঁজ মামলাটির তদন্ত বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে ২০২১ সালের ১১ আগস্ট অনন্তপদ্মনাভ এবং গুরুকুমার নামে দুই ব্যক্তির তথ্যের ভিত্তিতে নাগারাজু নরায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, ২০১৯ সালে রাজেশ মঞ্জুকে অপহরণের পর হত্যা করে মরদেহ কাবেরী নদীতে ফেলে দিয়েছেন।
এরপর পুলিশ একটি হত্যা মামলা নথিভুক্ত করে। তৎকালীন তদন্ত কর্মকর্তা পরিদর্শক প্রভাকর (বর্তমানে অবসরপ্রাপ্ত) রাজেশকে গ্রেপ্তার করেন। মরদেহ উদ্ধার না হওয়া সত্ত্বেও তিনি পশ্চিমাবাহিনী এলাকায় ঘটনাস্থল পরিদর্শনের প্রতিবেদন তৈরি করেন এবং সাক্ষীদের জবানবন্দি ও কথিত স্বীকারোক্তির ভিত্তিতে রাজেশের বিরুদ্ধে হত্যার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
এই মামলায় রাজেশ প্রায় দুই থেকে আড়াই বছর বিচারিক হেফাজতে (কারাগারে) ছিলেন। পরবর্তীতে তার বাবা ও আইনজীবীর সহায়তায় তিনি জামিন পান।
জামিনে মুক্ত থাকার সময় রাজেশ সবসময় নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। তার আইনি দল নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে মান্ডিয়ার নাগামঙ্গলা এলাকার কাছাকাছি মঞ্জুর সন্ধান পায়, যেখানে তিনি তার স্বামীর সঙ্গে সংসার করছিলেন।
রাজেশের আইনজীবী বিষয়টি পুলিশকে জানালে বিন্দিগানাভিলে থানায় একটি মামলা নথিভুক্ত করা হয় এবং মঞ্জুকে একটি ‘সান্ত্বনা কেন্দ্রে’ (নারী আশ্রয় ও পরামর্শ কেন্দ্র) রাখা হয়।
প্রাথমিক জবানবন্দিতে মঞ্জু রাজেশকে সম্পূর্ণ নির্দোষ বলে উল্লেখ করেন। তিনি জানান, তার নিখোঁজ হওয়ার পর যে হত্যা মামলা দায়ের করা হয়েছিল, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। পুলিশকে মঞ্জু বলেন, ‘আমি রাজেশ নামের কাউকে চিনিই না, আর আমার বাবা কেন এমন মামলা করেছেন তাও জানি না। তিনি সম্পূর্ণ নির্দোষ, এবং আমি যেকোনো জায়গায় এই জবানবন্দি দিতে প্রস্তুত।’
এদিকে, মিথ্যা অভিযোগ দায়েরের জন্য মঞ্জুর বাবা নাগারাজুর বিরুদ্ধে এবং ভুয়া প্রমাণ সাজিয়ে রাজেশের জীবন ধ্বংস করার দায়ে অবসরপ্রাপ্ত পরিদর্শক প্রভাকরের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে রাজেশের পরিবার।
এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মান্ডিয়ার পুলিশ সুপার (এসপি) শোভারানি তদন্তের এই গুরুতর ত্রুটির বিষয়টি স্বীকার করেন। মরদেহ উদ্ধার ছাড়াই ঠিক কোন পরিস্থিতিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি না হলেও তিনি জানান, এই ত্রুটিপূর্ণ তদন্তের বিষয়ে একজন উপ-পুলিশ সুপারকে (ডিওয়াইএসপি) পূর্ণাঙ্গ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন