সারা বাংলা
নাটোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় আব্দুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
একই স্থানে গত মাসে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছিলেন। এক মাসের ব্যবধানে আবারও প্রাণহানির ঘটনায় মহাসড়কটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
নিহত আব্দুর রশিদ বনপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃধাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-পাবনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আব্দুর রশিদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মাসের ২০ তারিখে একই স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। ওই মর্মান্তিক দুর্ঘটনার এক মাস না পেরোতেই আবারও প্রাণহানির ঘটনা ঘটল। এতে বনপাড়া-পাবনা মহাসড়কের ওই অংশে সড়ক নিরাপত্তা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন