ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

মুখের ভেতর পটকা ফুটে ভারতে ২ বছরের শিশুর মৃত্যু

মুখের ভেতর পটকা ফুটে ভারতে ২ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক, ভারত

মুখের ভেতর পটকা ফুটে ভারতে ২ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ভারতের ছত্তিশগড় রাজ্যের সরগুজা জেলায় মুখের ভেতর পটকা বিস্ফোরিত হয়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) নিহত শিশুটির পরিবারের সদস্যরা এই তথ্য জানিয়েছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, গত ৯ নভেম্বর সকালে সীতাপুর থানাধীন নওয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই সময় শিশুটি পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল, যারা মাটিতে আছড়ে ফাটানো রসুনের আকৃতির এক ধরনের পটকা (স্থানীয়ভাবে 'লেহসুন' পটকা বা পপ-পপ বাজি নামে পরিচিত) ফাটাচ্ছিল।

 

উল্লেখ্য, এই ‘লেহসুন’ পটকা এমনভাবে তৈরি করা হয় যা মাটিতে ছুড়ে মারলে ঘর্ষণ বা চাপের ফলে বিস্ফোরিত হয়।

 

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘গুরুতর আহত অবস্থায় জেলা সদর অম্বিকাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর রাতে আদিত্য নামের ওই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।’

 

শিশুটির বাবা ইন্দ্রজিৎ মাঝি সংবাদ সংস্থা পিটিআই-কে ফোনে জানান, তার ছেলে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় মাটিতে পড়ে থাকা একটি ছোট প্যাকেট কুড়িয়ে মুখের ভেতর পুরে দেয়।

 

তিনি বলেন, ‘মুখের ভেতর পটকাটি বিস্ফোরিত হওয়ায় ওর মাড়ি ক্ষতবিক্ষত হয় এবং রক্তপাত শুরু হয়। ও ঠিক কোন পটকাটি মুখে দিয়েছিল তা আমরা দেখতে পাইনি; সঙ্গে থাকা অন্য শিশুরাই আমাদের ঘটনার কথা জানায়।’

 

ইন্দ্রজিৎ জানান, ৯ নভেম্বর ঘটনার পরপরই শিশুটিকে সীতাপুরের একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল এবং রক্তপাত বন্ধ হওয়ার পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

 

তিনি আরও বলেন, ‘তবে পরদিন আবারও রক্তপাত শুরু হলে আমরা তাকে পুনরায় ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পরে ১১ নভেম্বর বিকেলে তাকে অম্বিকাপুরের একটি মিশন হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেদিন রাতেই আমার ছেলে মারা যায়। ময়নাতদন্তকারী চিকিৎসকরাও শিশুটির গলার ভেতর পটকার বারুদের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন।’

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন