ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেট কার আটকে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সাবেক ওসি নূরে আলম ও এসআই আরিফের বিরুদ্ধে। আর চাহিদামতো টাকা না দেওয়ায় আটকে রাখা গাড়িটি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জেলার গোমস্তাপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহফুজা খাতুন।

 

সংবাদ সম্মেলনে মাহফুজা খাতুন অভিযোগ করে বলেন, চলতি বছরের ৬ জানুয়ারি সন্ধ্যায় চিকিৎসা গ্রহণ শেষে তিনি তার প্রাইভেট কারে করে ফিরছিলেন। পথিমধ্যে তার গাড়িটির সাথে অতিরিক্ত যাত্রী বোঝাই দুটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ৯ বছরের এক শিশু আহত হয়। পরবর্তীতে কারটিসহ দুটি অটোরিকশা আটক করে পুলিশ।

 

এ সময় গাড়িটি ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে তৎকালীন সদর থানার ওসি ও এসআই আরিফ তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। কিন্তু সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ঘটনার প্রায় ১৬ দিন পর পুলিশ মামলা দিয়ে প্রায় ৯ মাস হয়রানি করে।

 

অন্যদিকে, এ ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা করতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গেলে বিচারক মামলাটি গ্রহণ করেননি। পরবর্তীতে প্রায় ৯ মাস হয়রানির পর গত ২৭ সেপ্টেম্বর গাড়িটি তার জিম্মায় দেওয়া হয়।

 

মোসা. মাহফুজা খাতুন আরও বলেন, গাড়িটি ফেরত আনতে গিয়ে তিনি দেখেন দুর্ঘটনার সময় এটি যে অবস্থায় ছিল, বর্তমানে সে অবস্থায় নেই। গাড়িটির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে এবং এর জন্য পুলিশই দায়ী বলে তিনি দাবি করেন।

 

সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি দাবি করার পাশাপাশি এই সংবাদ সম্মেলনের পর পুলিশ তাকে গ্রেপ্তার বা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

 

এ বিষয়ে জেলা পুলিশ অফিসের অপরাধ শাখায় কর্মরত ওসি নূরে আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন