ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ভোলায় আরও এক গ্যাসকূপের সন্ধান, বড় মজুতের সম্ভাবনা

ভোলায় আরও এক গ্যাসকূপের সন্ধান, বড় মজুতের সম্ভাবনা

সারা বাংলা

ভোলায় আরও এক গ্যাসকূপের সন্ধান, বড় মজুতের সম্ভাবনা

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ভোলায় আরও একটি নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের এই কূপটির খননকাজ শেষ হওয়ার পর গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা নিরূপণে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে। তবে পরীক্ষার ফল পাওয়ার পরই গ্যাসের প্রকৃত মজুত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির অবস্থান। ৩ হাজার ৫২৬ মিটার গভীরতায় খনন শেষ করে রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ডিএসটি শুরু করে বাপেক্স। এ পরীক্ষার অংশ হিসেবে কূপ থেকে গ্যাসের প্রবাহ ও চাপ পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষার সময় গ্যাসের আগুন প্রজ্বলন বা ফ্লেয়ারিংয়ের মাধ্যমে এর প্রবাহ পরীক্ষা করা হয়।

 

বাপেক্স জানায়, প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে ডিএসটির কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) কূপটির পারফোরেশন সম্পন্ন করা হয়। পরীক্ষার প্রস্তুতি হিসেবে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষা করা হয়। এসব পরীক্ষার ফল সন্তোষজনক ছিল।

 

প্রকল্প সংশ্লিষ্ট বাপেক্সের এক প্রকৌশলী মুঠোফোনে বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে কূপটিতে বড় মজুতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কী পরিমাণ গ্যাস রয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ডিএসটির ফলাফল পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ভোলার সঙ্গে পাইপলাইন স্থাপনের মাধ্যমে গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া গেলেই দেশের গ্যাস সংকট অনেকটাই কেটে যাবে।

 

‘ভোলা নর্থ-৩’ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। নতুন কূপটিতে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন সম্ভব হলে দেশের জাতীয় গ্যাস সরবরাহে ভোলার অবদান আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন