সারা বাংলা
মুন্সীগঞ্জে ৩৭ কিশোরের মুক্তির দাবিতে কারাগার ফটকে অভিভাবকদের বিক্ষোভ

মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন মোল্লারচর এলাকায় নৌযানে জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৩৭ কিশোরের মুক্তি ও কিশোর সংশোধনাগারে না পাঠানোর দাবিতে মুন্সিগঞ্জ কারাগার ফটকে বিক্ষোভ করেছে অভিভাবক ও স্বজনরা।
রবিবার সকাল থেকে অভিভাবকরা মুন্সীগঞ্জ কারাগারের প্রধান ফটকে জড়ো হতে থাকে। এ পর্যায়ে তারা বিক্ষোভ শুরু করে। এ সময় গ্রেপ্তার কিশোরদের অভিভাবকদের মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তারকৃত কিশোরদের রবিবার সকালে আইনগত বিধান অনুযায়ী কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রস্তুতি নেয় কারাগার কর্তৃপক্ষ। এ খবরে অভিভাবকরা কারাগার ফটকে অবস্থান নেয় এবং কারাগারের সামনের সড়কে লুটিয়ে পড়ে। এ সময় তারা কারাগার অভ্যন্তরের পুলিশ ও কারা কর্তৃপক্ষের গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান,ধলেশ্বরী নদীতে নোঙ্গর করা কার্গো জাহাজে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এবং জয় বাংলা স্লোগান দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে নদীতীরে পুলিশ অবস্থান নেয়। এসময় নদীতে ট্রলারে করে দল বেধে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করেন তারা।
পরে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা নোঙর করা কার্গো জাহাজ থেকে আরও বেশ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
একতাবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করার অপরাধ করায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
পরে আদালতে বিচারক সোমবার শুনানির জন্য তারিখ নির্ধারণ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে গ্রেপ্তারকৃতরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইন অনুযায়ী তাদের রবিবার সকালে কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রস্তুতি নেয় মুন্সীগঞ্জ কারাগার কর্তৃপক্ষ। এরপর থেকেই অভিভাবকরা কারাগার ফটকে জড়ো হতে থাকে।
ডিবিসি/এসডব্লিউএন