বাণিজ্য
মজুরি ২৫ শতাংশের বেশি বাড়ালে কারখানা চালানো সম্ভব নয়: উদ্যোক্তারা

তৈরি পোশাক খাতে সর্বোচ্চ ২৫ শতাংশ মজুরি বাড়াতে রাজি কারখানা মালিকরা। এর বেশি বাড়ালে কারখানা চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
সোমবার (নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের সর্বনিম্ন মজুরির প্রস্তাব দেওয়ার কথা রয়েছে।
তৈরি পোশাকশিল্পে বর্তমানে সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা। তবে মূল্যস্ফীতির চাপে থাকা শ্রমিকরা সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। দাবি আদায়ে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করছেন তারা।
শিল্পাঞ্চলগুলোতে বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দিলেও বিচ্ছিন্নভাবে আন্দোলন হয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, রবিবার শ্রমিক অসন্তোষের কারণে ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।
শিল্পমালিকদের অভিযোগ, মজুরি বোর্ডে বেতন নিয়ে আলোচনা শুরুর পরও আন্দোলন থামেনি। কোথাও কোথাও চোরাগোপ্তা হামলার ঘটনাও ঘটছে। এসব ঘটনাকে শিল্পের জন্য অশনিসংকেত বলে মনে করছেন তারা।
বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী নিম্নতম মজুরি দেওয়ার সক্ষমতা শিল্পের নেই। বিদ্যমান মজুরি থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সামর্থ্য রয়েছে বলে মনে করেন উদ্যোক্তারা। সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ সর্বনিম্ন মজুরির প্রস্তাব দেবে। পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বোর্ড।
ডিবিসি/আরএসএল