আন্তর্জাতিক, আমেরিকা
মাত্র ১৫০ ফুট জায়গায় উড়বে বিমান, লাগবে না দীর্ঘ রানওয়ে!

বিমান ওঠানামার জন্য আর প্রয়োজন হবে না বিশাল রানওয়ে। মাত্র ১৫০ ফুট জায়গা থেকেই উড্ডয়ন ও অবতরণ করতে পারবে নতুন প্রজন্মের হাইব্রিড-ইলেকট্রিক বিমান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইলেকট্রা তৈরি করছে ‘ইএল৯ আলট্রা শর্ট’ নামের এই অত্যাধুনিক উড়োজাহাজ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি একসঙ্গে ৯ জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড পণ্য পরিবহন করতে পারবে। পূর্ণ যাত্রী ধারণক্ষমতায় এর উড্ডয়নসীমা প্রায় ৩৮০ মাইল বা ৬১১ কিলোমিটার।
বিমানটিতে রয়েছে আটটি বৈদ্যুতিক মোটর ও একটি টারবাইনচালিত জেনারেটর। বিশেষ প্রযুক্তির সাহায্যে পাখার ওপর দিয়ে দ্রুত বায়ুপ্রবাহ সৃষ্টি করে বিমানটিকে অল্প দূরত্বেই আকাশে তোলা সম্ভব হবে। ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতে এটি উড্ডয়ন করতে পারবে।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, প্রচলিত সমমানের বিমানের তুলনায় এটি ৪০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করবে। পাশাপাশি হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় কমবে প্রায় ৭০ শতাংশ। উড্ডয়নের সময় শব্দের মাত্রাও থাকবে তুলনামূলক কম।
ইতিমধ্যে বিমানটির দুই আসনের পরীক্ষামূলক সংস্করণ নিউইয়র্কের ম্যানহাটনে একটি ভাসমান অবতরণস্থলে সফলভাবে ওঠানামা করেছে।
ইলেকট্রার প্রধান নির্বাহী মার্ক অ্যালেন জানিয়েছেন, বিমানটির মাধ্যমে বিমানবন্দরের ওপর নির্ভরতা কমিয়ে শহর থেকে শহরে সরাসরি যাতায়াত সহজ করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বের ৬০টির বেশি উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ২ হাজার ২০০টির বেশি বিমানের আগাম ক্রয়াদেশ পাওয়া গেছে। প্রতিটি বাণিজ্যিক বিমানের সম্ভাব্য দাম প্রায় এক কোটি মার্কিন ডলার।
তবে বাণিজ্যিক চলাচল শুরুর আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০৩০ সালে যাত্রী পরিবহন শুরু হতে পারে।
সূত্র: সিএনএন
ডিবিসি/এসএফএল