ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ঝিনাইদহে আড়াই মাসে প্রায় ৪ কোটি টাকার মাদক ও চোরাই মাল জব্দ, আটক ১৭

ঝিনাইদহে আড়াই মাসে প্রায় ৪ কোটি টাকার মাদক ও চোরাই মাল জব্দ, আটক ১৭

বাংলাদেশ, সারা বাংলা

ঝিনাইদহে আড়াই মাসে প্রায় ৪ কোটি টাকার মাদক ও চোরাই মাল জব্দ, আটক ১৭

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় গত আড়াই মাসে ৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৬৯ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দসহ ১৭ জন আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, ঝিনাইদহের মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের আওতাধীন মহেশপুর ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় মোট সীমান্ত এলাকা রয়েছে ১০৪ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে মহেশপুর অংশে ৭০ কিলোমিটার এবং জীবননগর অংশে ৩৪ দশমিক ৫ কিলোমিটার।


মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় ধুড় (যারা অবৈধভাবে সীমান্ত পার হয় তাদের স্থানীয় ভাষায় ধুড় বলা হয়), মানবপাচার ও মাদকের প্রবণতা বেশি এবং জীবননগর উপজেলায় স্বর্ণ চোরাচালান ও মাদকের প্রবণতা বেশি রয়েছে। তবে এসব এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।


বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১০৪ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির টহল ও কঠোর নজরদারির ফলে ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫৭৫ গ্রাম স্বর্ণ ও ১৩৮ জন ধুড় আটক করা হয়। এ ছাড়া ১ হাজার ১১৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৭৩২ পিস ইয়াবা, ৪৯ দশমিক ৭২ কেজি গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।


এ সময়ে এসব অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ১৭ জন আসামিকে আটক করা হয়। পরে উদ্ধার করা মাদক ও মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে মহেশপুর ও জীবননগর থানায় সোপর্দ করা হয়।


এদিকে, গত ২৭ সেপ্টেম্বর মহেশপুর সীমান্তের খোশালপুর এলাকায় ভারত থেকে অবৈধভাবে ১ জনকে পুশইনের চেষ্টাও প্রতিহত করে বিজিবি।


ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সব সময়ই সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। দেশ ও দেশের সীমান্ত এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন