সারা বাংলা
মোংলায় সিডরের রাতে জন্ম নেওয়া সিডর সরকার এখন ১৯ বছরের যুবক

২০০৭ সালের ১৫ নভেম্বর উপকূলজুড়ে তাণ্ডব চালিয়েছিল সুপার সাইক্লোন সিডর। সেই ভয়াল রাতে মোংলার চিলা এলাকার একটি আশ্রয়কেন্দ্রে জন্ম নেয় এক শিশু। ঘূর্ণিঝড়ের নামেই তার নাম রাখা হয় সিডর সরকার। সেই শিশু এখন ১৯ বছরের যুবক। দারিদ্র্য আর নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠা সিডরের স্বপ্ন, বিদেশে গিয়ে উপার্জন করে পরিবারের অভাব মেটানো।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের রাতে চিলা গ্রামের একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন সন্তানসম্ভবা সাথী সরকার। সেখানেই জন্ম হয় সিডরের। জন্মের তিন বছর পর সিডর ও তার বাবাকে রেখে অন্যত্র বিয়ে করেন সাথী। এরপর বাবার পরিবারেই বেড়ে ওঠে সে।
অভাবের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি সিডর। এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা জোগাড় করতে না পারায় পরীক্ষায় বসা হয়নি তার। সেখানেই থেমে যায় পড়াশোনা। সিডর জানায়, সংসারের অভাব মেটাতে মোংলা ইপিজেডের একটি কারখানায় কয়েক মাস কাজ করেছে সে। এখন সেই চাকরিও নেই।
সিডরের বাবা জর্জি সরকারের এক হাত ভাঙা। তবু জীবিকার তাগিদে তাঁকে সমুদ্রে মাছ ধরতে যেতে হয়। বর্তমানে তিনি সুন্দরবনের দুবলার চরে শুঁটকি আহরণের কাজে নিয়োজিত রয়েছেন। সৎমা অনিতা সরকার কাজ করেন মোংলা ইপিজেডের একটি কারখানায়।
অনিতা সরকার জানান, প্রায় তিন বছর বয়স থেকে সিডরকে মাতৃস্নেহে বড় করছেন তিনি। তাঁর নিজের কোনো সন্তান নেই। সিডরকেই নিজের সন্তানের মতো বড় করেছেন। অনেক বেসরকারি সংস্থা সিডরের পাশে দাঁড়াতে এসেছিল। কেউ কেউ পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেউ কথা রাখেনি বলে অভিযোগ তাঁর।
এলাকার অধিকাংশ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও সিডর জেলে হতে চায় না। বিদেশে কাজ করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে চায় সে।
ডিবিসি/আরএসএল