বিবিধ
আইইবির নতুন সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক কাইউম

পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল। দুই বছর মেয়াদি নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী খান মনজুর মোর্শেদ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম।
আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী ড. মনিরুল ইসলাম এবং সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণের পর শুক্রবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। আইইবির নির্বাচনী ইতিহাসে প্রথমবার নিজস্ব প্যানেল নিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এ বিজয়কে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছে এ্যাব।
সংগঠনটির বিবৃতিতে জানানো হয়, দেশের ১৮টি কেন্দ্র ও প্রায় ৩০টি উপকেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। আগের তুলনায় ভোটার উপস্থিতি বেশি ছিল। ভোটারদের ভিড়ের কারণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
নির্বাচনী অঙ্গীকারের মধ্যে প্রকৌশলীদের পেশাগত অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ‘ইঞ্জিনিয়ার্স প্র্যাকটিসিং অ্যাক্ট’ প্রণয়ন ও জাতীয় সংসদে পাস করানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া পেশাগত বৈষম্য দূরীকরণ, মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি, তরুণ ও বেসরকারি প্রকৌশলীদের কল্যাণ, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে এ্যাব।
আইইবি সদর দপ্তরের আধুনিকায়ন, আন্তর্জাতিক মানের মিলনায়তন নির্মাণ এবং স্বচ্ছ ও ভোটারবান্ধব নির্বাচন ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দিয়েছে সংগঠনটি।
বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে এ্যাব বলেছে, প্রকৌশলীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভাজন নয়, ঐক্যই হবে মূল শক্তি।
ডিবিসি/এসএফএল