ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে আগুন, ডুবেছে একটি

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে আগুন, ডুবেছে একটি

আন্তর্জাতিক, আরব

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে আগুন, ডুবেছে একটি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ প্রণালির কাছে নৌমাইনের বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। এর মধ্যে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

রবিবার (১৫ নভেম্বর) আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।


আইআরজিসির দাবি, জাহাজ দুটি হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে অনুমোদনহীন নৌপথে চলাচলের চেষ্টা করছিল। এ সময় নৌমাইনের সঙ্গে সংঘর্ষে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং উভয় জাহাজে আগুন ধরে যায়। পরে বিপুল পরিমাণ অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলে ডুবে যায়।


ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিযোগ, জাহাজ দুটি নিজেদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে গোপনে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ কাজে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তাও ছিল বলে দাবি করেছে তারা।


তবে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম, পরিচয় কিংবা নাবিকদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের এসব দাবির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


এর আগে গত ১২ জুলাই ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা দেয় তেহরান। ইরান সতর্ক করে জানায়, তাদের নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী কিংবা অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।


বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। এ পথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে প্রণালিতে নিরাপত্তাঝুঁকি ও জাহাজ চলাচলে বিঘ্ন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক তেলের বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন